আমার মন খারাপের রাত্তিরে আসো যদি আলো হয়ে,
মুছে যায় অন্ধকার, শেষ হয় নির্বাসন,
জোড়া লাগে হৃদয়ের ভেঙে যাওয়া টুকরো।
এক অবিরাম বর্ষার রাতে, সিগারেটের গন্ধ লেগে থাকে তোমার শরীরে,
তারপর সেই গন্ধে মিশে যাই আমি,
সেই বিছানাতে ফিরে পেতে চাই তোমাকে, আজ আমার মন খারাপের রাতে।
যেদিন আমি বালিশে মুখ গুঁজে,
পুরনো প্রেমিকের জন্য কেঁদেছি নিরন্তর,
সেই কঠিন রাতে তুমি ছিলে পাশে।
আনন্দে মেতে, খুঁজেছি তোমার চোখে আমার জন্যে এতটুকু অপেক্ষা,
সেই তুমি, সেই তোমাকেই চাই আজ রাতে।
একদিন খুব ভোরে, আঁকড়ে ধরে, বলেছিলে,
“আরেকটু থেকে যাও প্রিয়তমা, এই রাত শেষ রাত, আবার না জানি কবে ছোঁব তোমাকে।”
সেই রাত, সেই তোমাকেও চাই আজ রাতে।
ওই উঁচু বাড়ির ছাদে কত বার, সূর্যের ছায়াতে, লুকোনো সিড়ির পিছনেতে,
জাপটে ধরে ভালোবেসেছি তোমাকে,
সেই তুমি, সেই তোমাকেই ভালোবাসতে চাই, আজ আবার এই রাতে।
মনে পড়ে, একদিন প্রায় ভোরে,
জঙ্গলের ধারে, পুড়ে যাচ্ছিল তোমার হাতের সিগারেট আর অন্যদিকে আমার শরীর..
সেই রাত, সেই তোমাকে ফিরে পেতে,
অশ্রুসজল চোখে চেয়ে থাকি তারাদের দিকে।
এই অসহ্য সুখে, ঝলসানো জ্যোৎস্নার রাতে,
আসো যদি আলো হয়ে,
মুছে যাবে অন্ধকার, শেষ হবে নির্বাসন,
জোড়া লেগে যাবে হৃদয়ের ভেঙে যাওয়া টুকরো।
আজ এক অন্য রাত

Leave a Reply