খুশির কবিতা

আজ তবে, খুশির কবিতা হয় যাক।
লিখি নীলাকাশ, সবুজ ঘাসের কথা,
এছাড়া প্রাণোচ্ছ্বল সূর্যের ছটা।
একটু দুর্বার সমুদ্র হোক,
আর হিমালয়ের স্রোতস্বিনী,
আর দেবো তোমার ঠোঁটের হাসি,
মা এর আঁচল,
বাবার রান্নার গন্ধ,
আর প্রেমিকের দু চোখ।
আজ দুনিয়ার সব ভালোর কথা লিখবো।
আজ খুশির দিনে, শুধু ভালো থাকার কথা লিখবো।
তাহলে বলতে হয় পূর্ণিমা চাঁদ,
বাংলা ভাষার প্রাচীন প্রবাদ,
একটু মৌরলা কিম্বা কাচকি মাছ,
সাথে গরম ভাত,
এছাড়া তোমার পাগলের প্রলাপ,
আর প্রেমিকের সাথে কাটানো রাত।
পাহাড়ের চূড়ার কথা বলতেই হয়,
মিছিলের কিছু মুখ মনে পড়ে,
আর মিছিলে হাঁটার কিছু দিন,
দিন বদলের স্বপ্ন,
দৃপ্ত কণ্ঠের ইনকিলাব,
আর সিগারেটের সুখটান।
আর বলবো হোস্টেলের দিন গুলি ,
তোমার সাথে ভালোবাসার শুরু।
রাত তিনটের স্নান,
তোমার গায়ের সাবান,
বেলা অব্দি ঘুম,
ক্লাস কামাই করে হোটেল রিগাল।
দুনিয়ার যত খুশি সব কিছুর কথা লিখবো।
আজ শুধুই খুশির কথা লিখবো।

Comments

Leave a Reply

Is this your new site? Log in to activate admin features and dismiss this message
Log In