মেরী এলিজাবেথ ফ্রাই (Mary Elizabeth Frye) এই একটিই কবিতা লিখেছিলেন বলে শোনা যায়। 1990 সাল অব্দি এই কবিতার স্রষ্টার পরিচয় অজ্ঞাত ছিল, যখন ফ্রাই দাবি করেন যে এটি তাঁর লেখা। 1998 সালে, অ্যাবিগেইল ভ্যান বিউরেন (Abigail van Buren) ছদ্মনামধারী পাউলিন ফিলিপস (Pauline Phillips) নামের এক সাংবাদিক অনেক গবেষণার পর জানান যে ওটা সত্যিই মেরীর লেখা।
পরবর্তী কালে এবং বর্তমানে এই কবিতাটি বেশ জনপ্রিয় হয়েছে কিছু টিভি সিরিজ, সিনেমা ,গান ইত্যাদির দৌলতে। আমি একদমই অনুবাদে পারদর্শী নই, কিন্তু আমার খুব ভালোবাসার এই কবিতাটা। বাংলা ভাষায় আর কোনো অনুবাদ আছে কিনা সত্যি জানা নেই আমার। তবে এটিকে পুরোপুরি অনুবাদ বলাও যায়না। কিছু অংশ আমার যোগ করাও আছে। ভালো লাগলে পড়বেন। সমালোচনা করবেন।

আমার সমাধিতে দাঁড়িয়ে কেঁদোনা,
আমি সেখানে নেই। আমি ঘুমোই না।
আমি কোন ঝোড়ো হাওয়ার মতন,
ঘূর্ণাবর্তে চেপে মহাসমুদ্র পার হই।
হীরার মতো জ্বলজ্বল করি,
কোন বরফ খণ্ডের উপর।
আমি ধানের চারার ফাঁকে সূর্যের মতন।
কিংবা কোনো সকালের দমকা বাতাস,
নীরব পাখির মত আকাশে গোলগোল ঘুরি,
ফিকে তারাদের মত রাতভর জ্বলি,
হয় তো বা খুঁজে ফিরি, কোনো মহা মরুভূমির বালি।
কিংবা বেনারসের ঘাটে,
ঢলে পড়া মৃত্যু-মিছিল ঠেলে দিয়ে,
গঙ্গা স্নান করি।
আমার সমাধিতে দাঁড়িয়ে কেঁদোনা,
আমি সেখানে নেই, আমি মরি না।

Leave a Reply