সমাদর্শীর প্রতি

দিনবদলের স্বপ্ন শুধু তোমার একার নয়।
এই স্বপ্ন আমার জন্মগত,
এ আমার জন্মদাতাদের ও স্বপ্ন।
এক অন্য রকম পৃথিবীর স্বপ্ন দেখি আমরা দুজনেই,
যেখানে মানুষের পাশে থাকাটাই,
নিয়ম মানুষের কথা ভাবটাই।
এ আমার চিরকালের স্বপ্ন।
হয় তো আদিম গুহাবাসী মানুষেরও এটাই স্বপ্ন ছিল,
হয় তো যৌন হেনস্থার শিকার, অন্তঃসত্ত্বা ষোড়শী রমণীর ও এটাই স্বপ্ন ছিল।
এক যন্ত্রণা মুক্ত পৃথিবী তে বেড়ে ওঠার কথা ছিল তার এবং তার সন্তানের।
তাই হয়েতো এত আবিষ্কার,
এত প্রগতির পথে হেঁটেছিল,
একটু একটু করে।
এই স্বপ্ন তোমার একার নয়,
এ পদপৃষ্ট, বহুজনের স্বপ্ন।
এক কুয়ো থেকে জল খাবে,
এক থালায় ভাত খাবে,
ঘুপচি গন্ধপঁচা নর্দমাতে,
মলমূত্র সাফ করতে না-হওয়ার,
এই স্বপ্ন দেখেছে ওই দলিত ছেলেটি।
এটা ওর স্বপ্ন।
ওর দিন-আনি দিন-খাই পরিবারের স্বপ্ন।
ছেলেটা ওদের ডাক্তার হবে,
মেয়েটা ওদের ইঞ্জিনিয়ার,
সুস্থ ভাবে বেঁচে উঠবে সমাজের সকলের সঙ্গে,
ছায়া মারানোর খোটা দেবেনা যেখানে কেউ,
এটা সেই স্বপ্ন।
এটা সেই শ্রমিক পরিবারের স্বপ্ন,
এটা ওই দরিদ্র ক্ষেতমজুরের স্বপ্ন,
ইট ভাটার শ্রমিক, সোনাগাছির বেশ্যা,
চা এর দোকানের, কিংবা রেইল লাইনের প্লাস্টিক কুড়ায়ে যে মেয়েটি,
এটা তার স্বপ্ন।
আসলে, এটা একটু ভালো ভাবে বেঁচে থাকার স্বপ্ন,
ভরপেট খেতে পাওয়ার স্বপ্ন,
যা যা পাওয়ার কথা ছিল,
সেই সব পেয়ে যাবে,
এটা সেরকম এক দিন আসার স্বপ্ন।
এটা ব্যাঙ্গালোরের আইটির ছেলেটারও স্বপ্ন,
ও একটু বৃষ্টি দেখতে চায়,
ষোলো ঘণ্টার চাপে,
মা এর মুখ মনে পরে কম।
ও হয় তো বাড়ি যেতে চায়,
ভরপেট ঘুম চায়,
তাই এটা ওর ও স্বপ্ন।
একটা একা মেয়ে, মাঝরাতে রাস্তা হেঁটে বাড়ি ফিরবে সুস্থ সবল, এটা সেই স্বাধীনতার স্বপ্ন।
মনের মানুষের সাথে সংসার করার অধিকারের স্বপ্ন,
এই স্বপ্ন শুধু দিন বদলের নয়,
এই স্বপ্নের জন্যে রক্ত ঝরবে একদিন,
এটা সেই রক্তক্ষয়ী সংগ্রামের স্বপ্ন।
যদি হৃদয়ে না পাও,
তোমার পাশে রাস্তায় পাবে,
তোমার হাতের মুঠোয় আমার হাত দিয়ে বানাবো মানব শৃঙ্খল,
রুখে দেবো নিপীড়নের চাকা,
অসভ্য, অসম সমাজের সমস্ত বেড়াজাল ভেঙে গুড়িয়ে দেবো।
তোমার সেই স্বপ্নে আমায়ে সাথে পাবে,
কারণ ওই স্বপ্ন আমারও।
এই দিন বদলের স্বপ্নে,
আমি তোমার সহধর্মিণী, সহকর্মিনী,
আমি তুমি এক,
আমি তুমি স্বপ্নে এক রং দেখি দুনিয়ার,
এটা সেই স্বপ্ন।
এটাই আমাদের ভালোবাসা,
এটাই আমাদের এক ও অদ্বিতীয় স্বপ্ন।

Comments

Leave a Reply

Is this your new site? Log in to activate admin features and dismiss this message
Log In