শরীরটা শুধু রক্ত-হাড়-মাংস নয়,
ছিল মন,
ছিল আত্মা,
আর ছিল,
বিশেষ কাউকে খুঁজে পাওয়ার ইচ্ছা।
নারীরা কাচের বয়াম দেওয়ালে ছুড়ে মারে,
পুরুষেরা করে অতিরিক্ত মদ্যপান,
মায়েরা সন্তানকে আঁকড়ে ধরে বাঁচে,
আর বামপন্থীরা দিনবদলের গান।
কিন্তু কেউ কাউকে কখনো পায় না।
নিয়তির নির্মম পরিহাস মেনে নিয়ে,
শুধু খুঁজতে থাকে বিছানায় উঠে বসে,
কিংবা হামাগুড়ি দিয়ে তার নিচেতে।
রক্ত মাংস আমাদের হাড়গোড় ঢেকে রাখে,
খোঁজে তার চেয়েও কিছু বেশি,
তাই কেউ কাউকে কখনো পায় না।
স্বপ্ন পূরণ হয় না।
ভেঙে যাওয়া হৃদয়, জোড়া লেগেও যায় না।
নাহ্!সুযোগ নেই হয়তো আর!
আমাদের সকলের পরিণতি এক,
তাই,
শহরের আবর্জনা স্থল ভরে যায়,
পাগলা গারদ, হাসপাতাল ভরে যায়,
কবরস্থান ভরে যায়,
চিতা জ্বলে দাউ দাউ,
সব পুড়ে যায়।
শুধু হৃদয়ের গভীর ক্ষত ভরে না,
খিদের পেট ভরে না,
ভরে না মন,
শূন্যস্থান ভরাট হয়না,
বেলাশেষে ফের, কেউ কাউকে পায়ে না।


Leave a Reply